সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪ জন বিচারপতিকে অপসারণের জন্য প্রধান বিচারপতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অপসারণের দাবি জানানো ৪ বিচারপতি হলেন বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কে এম কামরুল কাদের। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দ্বারা দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এই ৪ বিচারপতিকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যায়িত দিয়ে এ আলটিমেটাম দেন। সমাবেশের আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাজার গেট ও বাংলাদেশ বার কাউন্সিল-সংলগ্ন গেট প্রদক্ষিণ করে পুনরায় সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়। কর্মসূচিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খানসহ কয়েকশ আইনজীবী অংশ নেন।
সমাবেশে অংশ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল দাবি করেন, সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনে বিকাল চারটার পর কিছু বিচারপতি গোপনে বৈঠক করছেন। পর্যায়ক্রমে ওই বিচারপতিদের নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি। বিচার বিভাগে এখনো ষড়যন্ত্র চলছে জানিয়ে কামরুল ইসলাম সজল বলেন, অবিলম্বে ষড়যন্ত্র বন্ধ না করলে এবং ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ৪ বিচারপতিকে অব্যাহতি দেওয়া না হলে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি শেখ হাসান আরিফকে চেম্বার ও বেঞ্চ থেকে টেনে-হিঁচড়ে নামানো হবে। তিনি বলেন, বিচারপতি মো. আশরাফুল কামাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ কটূক্তি করেছেন। এমন ব্যক্তি কীভাবে এখনো সরকারি বেতন নিচ্ছেন, সে বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সজল আরও বলেন, সরকারি চাকরিতে কোটা-সংক্রান্ত একটি রায় বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত একসঙ্গে দিয়েছিলেন। খিজির হায়াতকে বাদ দেয়া হলেও কে এম কামরুল কাদেরকে বহাল রাখায় বৈষম্যের অভিযোগ তোলেন তিনি। তিনি দাবি করেন, অভিযুক্ত বিচারপতিদের সন্তানেরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পক্ষে লন্ডনে সমাবেশ করছেন। বিশেষ করে বিচারপতি জে বি এম হাসানের ছেলে হাসান লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে স্মারকলিপি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।
