শপথ নেয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বেলা ১১টায় প্রেসিডেন্ট বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি সুসজ্জিত চৌকস দল প্রেসিডেন্টকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।
বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে প্রেসিডেন্ট তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
