চমককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

চমককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ফন্ট সাইজ:

মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজে পা রাখেন তিনি। ২০২০ সালে শুরু করেন অভিনয় ক্যারিয়ার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে আলোচনায় এসেছেন। সর্বশেষ চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি’র হয়ে মনোনয়নপত্র কিনে চর্চায় আসেন। সেসময় তিনি বিএনপিতে যোগদান করেন। তবে এবার আলোচনায় এলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে। ভ্লগ সিরিজের নতুন একটি
পর্বে তার আলোচনার বিষয় ছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে।

সেখানে বেগম জিয়ার সাজে ক্যামেরার সামনে আসেন তিনি। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, তিনি প্রধানমন্ত্রীর নজরে আসার জন্য এটা করেছেন, আবার অনেকে তার সাবলীল উপস্থাপনার জন্য বাহ্‌বাও জানাচ্ছেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামের ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন এ অভিনেত্রী।

‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিও’র ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী। ঢাকার জিয়া উদ্যানসহ স্টুডিওতে ধারণ করা ওই ভিডিওতে চমককে দেখা যায়, হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায়; যা অবিকল বেগম জিয়ার পরিচিত উপস্থিতিকে স্মরণ করিয়ে দেয়।