টান টান উত্তেজনা সৃষ্টিকারী সায়েন্স ফিকশন সিনেমা ‘ব্রিচ’ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। এতে তুলে ধরা হয়েছে ভবিষ্যতে বিজ্ঞান মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সে বিষয়। প্রযুক্তির ওপর নির্ভর করতে করতে মানুষের এই সমাজ এক সময় ভেঙে পড়া শুরু হবে।
ছবিটির কাহিনীর সহ-লেখক ড. মেহযেব রহমান চৌধুরী। তিনি একজন উদ্ভাবক, প্রশিক্ষক, অপরাধবিজ্ঞানী এবং ফৌজদারি আইনের ব্যারিস্টার। তিনি এমএবিএমএটি ক্রাইম সিন ইমেজিং রোভার এর উদ্ভাবক। এই উদ্ভাবনটি আমেরিকান বার এসোসিয়েশন (এবিএ) এবং ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)-এর প্রশংসা অর্জন করেছে। একই সঙ্গে তিনি সায়েন্স ফিকশনও লেখেন।
বৃটেনের নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন তিনি। তার কাহিনী নিয়ে তৈরি ছবি ‘ব্রিচ’-এ ভবিষ্যতের পাঁচটি শিহরণ জাগানো ঘটনা তুলে ধরা হয়েছে। এগুলো একে-অপরের সঙ্গে মিশে এক টানটান সায়েন্স ফিকশন তৈরি হয়েছে।
এতে ফুটিয়ে তোলা হয়েছে, প্রযুক্তি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সমাজ ভেঙে পড়তে শুরু করে এবং মানবজাতি তার সহ্যক্ষমতার চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছায়। ছবিটির পরিচালকগণ হলেন- রয় হুয়াং, নিক আজারো, স্টিফেন আইজেনম্যান, আলেকজান্দ্রা চেনজেক, ব্রুনো সেন্টোফ্যান্ট ও ডেস্টিনি ইজলে। প্রযোজনায় রয়েছেন- থমাস আর আর্থারটন, সুজানা আভেটিসিয়ান। অভিনয় করেছেন জেনিফার সান বেল, সোফি কেনেডি ক্লার্ক, জ্যানেট কার্টার প্রমুখ।
