স্টার্ক বললেন, ‘খেলা এখনো বাকি’

স্টার্ক বললেন, ‘খেলা এখনো বাকি’

ফন্ট সাইজ:

স্কোরবোর্ড দেখলে বোঝা যায় ম্যাকাই টেস্টে পিছিয়ে বাংলাদেশ। প্রথম দিন শেষে ম্যাচের যা পরিস্থিতি, তাতে এই টেস্টের ফল পাঁচ দিন আগেই শেষ হওয়ার কথা। স্বাগতিকরা এগিয়ে থাকলেও অজি পেসার মিচেল স্টার্ক মনে করিয়ে দেন টেস্ট ম্যাচ দুই ইনিংসের খেলা। ডারউইন টেস্টে দুই ইনিংস মিলে দুই উইকেট পেয়েছিলেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের ফাঁদে ফেলতে না পেরে মেজাজও হারিয়েছিলেন। ২৮৩২ কিলোমিটার দূরে ম্যাকাইয়ের বাউন্সি উইকেটে সেই স্টার্ক দেখালেন নিজের বিধ্বংসী রূপ। নিজেকে অল্পের জন্য ছাড়িয়ে যেতে না পারলেও ২২ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৯তম ফাইফার। ১২ রান খরচায় ছয় টাইগার ব্যাটারকে সাজঘরে পাঠান। ৩৬ বছর বয়সী ডানহাতি পেসারের দাপুটে বোলিংয়ে ৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

সাদা পোশাকে এক ইনিংসে কোনো বোলারের দ্রুততম ৫ উইকেট নেয়ার রেকর্ড স্টার্কের দখলে। গত বছর ১৪ই জুলাই কিংস্টনের স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বলে এ কীর্তি গড়েন এ বাঁহাতি পেসার। গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় নিজের রেকর্ডকে ভাঙার প্রতিযোগিতায় নেমেছিলেন স্টার্ক। সেই রেকর্ড অক্ষত থাকলেও অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে এনে দিয়েছেন স্বস্তির হাওয়া। প্রথম ইনিংসে বাংলাদেশের ৬৪ রানের জবাবে ১৬৫ রান তুলতে ৮ উইকেট হারায় স্বাগতিকরা। অজিরা ১০১ রানের লিড নেয়। স্টার্ক বলেন, ‘আমাদের এখনো ব্যাটিং বাকি আছে।

এটি তো কেবল প্রথম ইনিংস! ম্যাচে এখনো অনেক পথ বাকি। টেস্ট ক্রিকেট দু্‌ই ইনিংসের খেলা।’ প্রথম দিনে উইকেট ও কন্ডিশনের পুরো সুবিধা আদায় করে নেয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পেসাররা। অভিষেক টেস্টেই ১৮ উইকেটের পতন দেখেছে গ্রেট ব্যারিয়ার রিফ। প্রথম দিনে উইকেটের আচরণ নিয়ে নেতিবাচক কিছু বলেননি স্টার্ক। বরং এ উইকেটকে তুলনা করেছেন গ্যাবার মতো করে। তিনি বলেন, ‘আসলে লোকে হয়তো দেখবে এক দিনে ১৮ উইকেট পড়েছে, খুব বাজে উইকেট। তবে আমার মতে, এটা প্রথম দিনের জন্য বেশ ভালো উইকেট ছিল। আমার কাছে অনেকটা গ্যাবার মতো উইকেট মনে হয়েছে। গ্যাবায় প্রথম দিনে কিছুটা টেনিস বলের মতো বাউন্স পাওয়া যায়, এখানেও ছিল। আজকে দিনের শেষ

ভাগে বা কালকেও হয়তো এমন দারুণ গতিশীল উইকেট দেখা যাবে। এখানে যে আবহাওয়া ছিল, দারুণ সুইং করে গেছে বল। ভালো স্কিল দেখানো গেছে। তবে এক দিনে ১৮ উইকেট ফেলার জন্য বেশ ভালো বোলিংও করতে হয়েছে।’ ম্যাকাই টেস্টের ফলে বড় ভূমিকা রাখতে পারে টস। সেটা শুনা গেল স্টার্কের মুখেই। তিনি বলেন, ‘আমরা আগেই বল করতে চেয়েছিলাম। আমরা জানতাম শুরুতে বোলারদের জন্য উইকেটে সাহায্য থাকবে। বল সেভাবে মুভ করছিল এবং সুইং হচ্ছিল। আমরা চেয়েছি সেই ফায়দা কাজে লাগাতে। উইকেট কিছুটা বেশি সাহায্য করেছে। আমরাও ক্যাচ ধরেছি ঠিকভাবে।’ টাইগারদের বিপক্ষে দারুণ স্পেলের সুবাদে টেস্টের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ডেল স্টেইনকে ছাড়িয়ে গেছেন স্টার্ক। স্টেইনের ৪৩৯ উইকেটের রেকর্ড টপকে ৪৪০ উইকেট নিয়ে স্টার্ক এককভাবে দশম স্থানে রয়েছেন। পেসারদের মধ্যে আছেন সেরা পাঁচে।