ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ফন্ট সাইজ:

শেষ মুহূর্তে পাওয়া সুযোগটা আর হাতছাড়া করছে না বাংলাদেশ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে জাতীয় দলকে অংশ নেয়ার খেলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতের জায়গায় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ভারতের সরে দাঁড়ানোর পর বাংলাদেশ টুর্নামেন্টে খেলতে আগ্রহ জানায়। তবে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। সেই অনুমোদনও মিলেছে। গতকাল কার্যনির্বাহী কমিটির সভায় তা নিশ্চিত করে বাফুফে। ফিফার অর্থায়নে ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় হবে আসিয়ান কাপের ডিভিশন-১।

আট দলকে দুটি গ্রুপে ভাগ করে হবে প্রতিযোগিতা। ভারতের জায়গায় বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের জন্য টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মূলত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগের কারণে। শুধু গ্রুপ পর্বের তিন ম্যাচই নয়, গ্রুপে অবস্থান অনুযায়ী আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকবে।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ফাইনালে, রানার্সআপরা তৃতীয় স্থান, তৃতীয় হওয়া দলগুলো পঞ্চম স্থান এবং চতুর্থ হওয়া দলগুলো সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। ফলে প্রতিটি দলের জন্যই চারটি ম্যাচ নিশ্চিত। টুর্নামেন্টে অংশ নেওয়ায় বাফুফেকেও বড় ধরনের আর্থিক ব্যয়ের মুখে পড়তে হবে না। আয়োজকেরাই অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও আবাসনের ব্যয় বহন করবে। পাশাপাশি দলগুলোকে অংশগ্রহণ বাবদ অর্থও দেওয়া হবে।

ভারতের সরে দাঁড়ানোর কারণ ছিল ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে তাদের নির্ধারিত প্রীতি ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে ভারত। তাদের শূন্যস্থানেই শেষ পর্যন্ত জায়গা হলো বাংলাদেশের। নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ। এদিকে এই আসরকে সামনে রেখে ২৭ আগস্ট প্রস্তুতি শুরু হচ্ছে জাতীয় দলের। জাতীয় দলের প্রস্তুতি ও ক্লাবগুলোর অনুরোধে কারণেই পিছিয়ে দেয়া হয়েছে এবারের ফুটবল মৌসুম। আগস্টে মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত এ মাসে শুরু হচ্ছে না লীগ।

নতুন সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লীগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরুর দিনক্ষণ ঠিক করেছে বাফুফে। ক্লাবগুলোকে চিঠি দিয়ে নতুন সূচির কথা জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা আসিয়ান ক্লাবে বাংলাদেশ অংশ নেয়াতে জাতীয় দলের ফুটবলারদের ছাড়াই খেলতে হবে ক্লাবগুলোকে। এদিকে খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ দলবদল শেষ হওয়ার পরই জাতীয় দলের ক্যাম্প চলাকালে ক্লাবগুলোকে নিজেদের দল নিয়ে লীগের প্রস্তুতি নিতে হবে। ফিফার নিষেধাজ্ঞার কারণে বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স এখনো লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করতে পারেনি।

বকেয়া পরিশোধ করে ২৮ আগস্টের মধ্যে লাইসেন্সিং সম্পন্ন করার সময় দেওয়া হয়েছে তাদের। বসুন্ধরা কিংসের ওপর বর্তমানে ফিফার পাঁচটি নিষেধাজ্ঞা রয়েছে। ঘরোয়া ফুটবলের সূচিতে ফর্টিস এফসিকে ঘিরেও রয়েছে বাড়তি জটিলতা। ১৭ থেকে ২৩ অক্টোবর কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্বে খেলবে ফর্টিস। সাধারণত বাংলাদেশের কোনো ক্লাব এএফসি প্রতিযোগিতায় খেললে ওই সময় ঘরোয়া ফুটবল স্থগিত রাখার নজির আছে। এবার ফর্টিসের ম্যাচের সময়ও ঘরোয়া লীগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ফলে এএফসি ম্যাচের কারণে ফর্টিসের স্থগিত হওয়া ম্যাচ পরে আয়োজন করতে হতে পারে।