রেকর্ড গড়েও ব্যাটারদের দিকে তাকিয়ে শরিফুল

রেকর্ড গড়েও ব্যাটারদের দিকে তাকিয়ে শরিফুল

ফন্ট সাইজ:

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বল এবং ব্যাটে রেকর্ড গড়েছেন শরিফুল ইসলাম। মাত্র ৬৪ রানে অলআউট হয়ে চাপে পড়া দলকে ম্যাচে ফেরাতে ১১ ওভারে ৩৫ রান দিয়ে ৬টি উইকেট নেন এই পেসার। দিন শেষে প্রতিপক্ষ ১৬৫ রানে আট উইকেট হারায়। ম্যাচে ফিরতে আশাবাদী এই পেসার। দিন শেষে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, ‘এখনো খেলা শেষ হয়নি। কেবল প্রথম দিন গেল। ব্যাটিংয়ে আজ আমাদের একটি খারাপ দিন গেছে। তবে তাদের ব্যাটাররাও নিজেদের কন্ডিশনেই অনেক সংগ্রাম করছে। দেখা যাক কী হয়, আমরা দ্বিতীয় ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।’
দলের ব্যাটিং ধস নিয়ে অস্বস্তিটাও কম নয়। এ নিয়ে শরিফুল বলেন, ‘আপনারা খেলা দেখেছেন। নতুন বলে সুইং করছিল, প্রায় ২০-২৫ ওভার পর্যন্ত।

ওরা সেই সুবিধা কাজে লাগিয়েছে। আমরা হয়তো পরবর্তী ইনিংসে চেষ্টা করবো আমাদের ব্যাটসম্যানরা যাতে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে।’ ছয় উইকেট নেয়া টাইগার পেসার মাঠের উইকেট পরিস্থিতি নিয়ে সংক্ষেপে বলেন, ‘এটি আমাদের জন্য একটি খারাপ দিন ছিল। শুধু আমাদের নয়, তারাও কিন্তু সংগ্রাম করছে। ইনশাআল্লাহ, পরবর্তী ইনিংসে আমরা ভালো করবো।’ টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করার পাশাপাশি একই ইনিংসে বল হাতে ৬টি উইকেট নেয়ার বিশ্বরেকর্ড গড়েছেন শরিফুল। গতকাল ম্যাচের প্রথম দিনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্কের স্পেলে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে ১১ নম্বর ব্যাটার হিসেবে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার তালিকায় এটি ১৩তম ঘটনা। বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে তিনি শেষ উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ২৫ রানের জুটি গড়েন। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া শরিফুলের পেস আক্রমণের সামনে পড়ে তাদের টপ অর্ডার। তিনি মাত্র ৮.৫ ওভারের মধ্যে প্রথম পাঁচটি উইকেট তুলে নেন। এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় দ্রুততম পাঁচ উইকেট শিকারের ঘটনা। সংবাদ সম্মেলনে তার উইকেট শিকারের রহস্যটাও লুকিয়ে রাখেননি এই টাইগার পেসার। মূলত পেস বোলিং সহায়ক উইকেট, বাতাস এবং বাউন্সের সুবিধাকে নিজের উইকেটের উৎস বলে উল্লেখ করেন শরিফুল। বাঁহাতি পেসার স্টার্কের সঙ্গে একই দিনে ছয়টি করে উইকেট পাওয়া নিয়ে শরিফুল আপ্লুত।

মোস্তাফিজুর রহমানকে বোলিং আইডল মানলেও স্টার্কের সুইং এবং বোলিং পছন্দ করেন বলে জানান তিনি। ইনিংসে স্টার্কের বলে আউট হওয়ার পর বল হাতে স্টার্ককে বোল্ড করে নিজের লক্ষ্য পূরণ করার কথা স্বীকার করেন এই পেসার। ভিডিও দেখে অস্ট্রেলিয়ার কন্ডিশনে টেস্ট ম্যাচের প্রস্তুতি নেয়ার কথা জানান তিনি। ড্রেসিংরুম থেকে একাদশে সুযোগ পাওয়ার বার্তা নিয়ে তিনি জানান, স্বাভাবিক বোলিং করার নির্দেশ দেয়া হয়েছিল। শরিফুল বলেন, ‘আমরা সবসময় অ্যাজ এ ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বার হিসেবে একজনের পাওয়াতে আরেকজন খুশি হয়, এই জিনিসটা অনেক ভালো লাগে।’ প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ আট উইকেটে ১৬৫ রান।

স্বাগতিকদের হাতে এখনও দুই উইকেট। দ্বিতীয় দিনে প্রতিপক্ষের বাকি দুই উইকেট দ্রুত তুলে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে শক্ত অবস্থান তৈরি করতে চায় সফরকারীরা। ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ধরে রেখে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, ‘অবশ্যই, আমরা এখনো গেমের ভেতরে আছি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের কব্জায় থাকে।’