সুলিভানের গায়ে হাত তুলে জরিমানা মেসির

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) আচরণবিধি ভঙ্গের দায়ে আর্থিক জরিমানা গুনতে হচ্ছে লিওনেল মেসিকে। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের গায়ে হাত তোলেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকা। একই ম্যাচে নাটকীয়ভাবে লাল কার্ডের শাস্তি থেকে মুক্তি পেয়েছেন ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী উদীয়মান তারকা, কুইনের ভাই কাভান সুলিভান। এমএলএস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ম্যাচের দ্বিতীয়ার্ধে বলের বাইরে থাকা অবস্থায় প্রতিপক্ষ ফরোয়ার্ড কুইন সুলিভানের মুখে হাত দিয়ে বসেন মেসি। এমএলএসের হাত বা মুখ-মাথা-গলায় আঘাত সংক্রান্ত নীতি লঙ্ঘনের দায়ে তাকে এই আনডিসক্লোজড বা অপ্রকাশিত অঙ্কের জরিমানা করা হয়। মাঠের রেফারি সে সময় মেসিকে কোনো কার্ড দেখাননি।

ভিডিও ফুটেজের ভিত্তিতে এই শাস্তির সিদ্ধান্ত নেয় লীগ কর্তৃপক্ষ। ইন্টার মায়ামি জার্সিতে এটি মেসির দ্বিতীয় জরিমানা। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক সিটি এফসির সহকারি কোচ মেদি বালুচির গলায় চেপে ধরায় প্রথম জরিমানা গোনেন তিনি। অন্যদিকে, ম্যাচের শেষ মুহূর্তে এক হাতাহাতির ঘটনায় মাঠের রেফারি সরাসরি লাল কার্ড দেখান কুইন সুলিভানের ছোট ভাই কাভান সুলিভানকে। এই তরুণ সেনসেশন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিভুক্ত। ১৮ বছর হলে ইত্তিহাদের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তার সঙ্গে দ্বন্দে জড়িয়ে লাল কার্ড দেখেন মায়ামির ইয়ানিক ব্রাইটও। তবে ফিলাডেলফিয়া ক্লাবের আপিলের প্রেক্ষিতে স্বাধীন রিভিউ প্যানেল সর্বসম্মতভাবে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

ফলে আগামী শনিবার অস্টিন এফসির বিপক্ষে মাঠে নামতে কোনো বাধা নেই তার।
চলমান লীগে ২০ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে মায়ামি। সমান ম্যাচে ৭ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় ন্যাশভিল। এক ম্যাচ কম খেলা শিকাগো ৩৫ পয়েন্ট নিয়ে তিনে। পরবর্তী ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় টরন্টোর মুখোমুখি হবে মায়ামি।