বৃটেনের পানি খাতের নিয়ন্ত্রক সংস্থা দেশটির মুসলিমদের ওজুর সময় কম পানি ব্যবহার করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে এশীয় সম্প্রদায়ের মানুষদের চাল ধোয়া ও রান্নার সময় পানির ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে পানি ব্যবহারে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ‘ওয়াটার এফিশিয়েন্সি ইন ফেইথ অ্যান্ড ডাইভার্স কমিউনিটিজ’ কর্মসূচির আওতায় এ পরামর্শ দেয়া হয়েছে। বৃটিশ পানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফওয়াট কর্মসূচিটির অর্থায়ন করছে।
এই প্রকল্পের সাম্প্রতিক উদ্যোগগুলোর একটি ছিল সাউথ স্ট্যাফোর্ডশায়ার ওয়াটার, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিভিনিটি ফ্যাকাল্টি এবং বৃটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ হিসেবে পরিচিত কেমব্রিজ সেন্ট্রাল মসজিদের মধ্যে অংশীদারত্ব। এ উদ্যোগে আরও কয়েকটি সংস্থা ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্ত ছিল।
কেমব্রিজে পরিচালিত এই পরীক্ষামূলক কর্মসূচিতে স্থানীয় মুসলিমদের নামাজের আগে ওজু করার সময় মাত্র এক লিটার পানি ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।
অফওয়াট জানিয়েছে, এক লিটারের একটি বোতল ব্যবহার করলে একজন ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ ৫৫ লিটার পানি সাশ্রয় করতে পারেন।
কারণ, অনেক মানুষ দিনে পাঁচবার ওজু করতে গিয়ে প্রতিবার প্রবাহমান কলের পানি ব্যবহার করে মোট প্রায় ১২ লিটার পর্যন্ত পানি ব্যয় করেন।
কেমব্রিজে পরিচালিত এই ওজু কর্মসূচির মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ৫ হাজার ৯০০ লিটার পানি সাশ্রয় হয়েছে বলে ধারণা করা হয়েছে।
কর্মসূচিতে ইসলামি টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে এই নির্দেশনা ব্যাপকভাবে প্রচারের সুপারিশ করা হয়।
তবে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে বলা হয়, যেন এমন কোনো ধারণা তৈরি না হয় যে অন্যদের তুলনায় মুসলিমরাই বেশি পানি অপচয় করেন।
