গত জুলাইয়ের শেষ সপ্তাহে ইউরোপ সফর শুরু করেন রকস্টার মাহফুজ আনাম জেমস্। সবকিছু ঠিকঠাক চললেও বিপত্তি বাধে ইতালির রোমে এসে। সেখানে একটি কনসার্টকে ঘিরে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ ওঠে জেমস্ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে। এবার সেই ঘটনা নিয়ে সরাসরি মুখ খুলেছেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ভেনিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নগর বাউল। সেখানেই রোমের ‘হোটেলকাণ্ড’ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই শিল্পী। জেমস্ স্পষ্টভাবে বলেন, ওই রুমে আমি ছিলামই না।
আমি ছিলাম ৩৪৫ নম্বর রুমে, আর যে রুমটি নিয়ে কথা হচ্ছে সেটি ৫৪৯ নম্বর রুম। সেখানে আমাদের অতিথি গিটারিস্ট ছিলেন, ইয়াং ছেলে। অভিযোগের বিষয়টিকে খুব বড় করে দেখছেন না জেমস্। তার ভাষ্য, এটা কোনো বিগ ডিল না। নিয়ম কিন্তু হোটেল ক্লিনিং করা, কিন্তু পরিষ্কার করা হয় নাই। এটা কোনো বড় বিষয় না। এর আগে ১৬ই আগস্ট রোমে কনসার্টের পর জেমস্ ও তার সফরসঙ্গীদের অবস্থান করা হোটেলের একটি কক্ষের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মেঝেতে প্লাস্টিকের বোতল ও আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্ট এবং রান্নাঘরের সিঙ্কে নোংরা বাসনের ছবি দেখা যায়।
হোটেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধের কথা জানিয়েছিল। তখন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, অভিযোগ ওঠা ৫৪৯ নম্বর কক্ষে জেমস্ ছিলেন না। এবার ভেনিসের সংবাদ সম্মেলনে জেমস্ও একই তথ্য দিয়ে বিষয়টি নিয়ে তার অবস্থান জানালেন। এদিকে, আগামী ২৩শে আগস্ট ভেনিসে তার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ৫ই সেপ্টেম্বর সুইডেনে পারফর্ম করার মাধ্যমে তার দুই মাসের ইউরোপ সফর শেষ হবে।
