চেনা রূপে এনা সাহা

চেনা রূপে এনা সাহা

ফন্ট সাইজ:

‘চিনে বাদাম’র পর প্রযোজক এনা সাহা অনেক দিন দূরে ছিলেন বড় পর্দা থেকে। অভিনেত্রী এনাকেও অনেক দিন দেখেনি দর্শক। অবশেষে চেনা রূপে ফিরছেন তিনি। মুক্তি পাবে তার প্রযোজিত পাভেল পরিচালিত ছবি ‘ডাক্তার কাকু’। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। শুধু প্রসেনজিৎ নন, এই ছবিতে দেখা যাবে অভিনেতা ঋদ্ধি সেনকেও। প্রযোজনা ছাড়াও এনাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে এবং অভিনয় করেছেন পরিচালক স্বয়ং। অন্য ছবির চেয়ে একেবারে নতুনভাবে দেখা যাবে প্রসেনজিৎকে। চোখে চশমা। সাদা শার্ট আর প্যান্ট। কোনো নায়কোচিত ব্যাপার নেই। যেন আপনভোলা মানুষ। ঠিক এভাবেই ধরা দিলেন অভিনেতা।

অন্যদিকে, ঋদ্ধিরও রয়েছে দু’ধরনের লুক। এনা বললেন, অবাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। তাছাড়া, প্রায় আড়াই বছর পর প্রযোজনায় ফিরতে পারলাম। ছবি আটকে ছিল। রিলিজ করাতে পারছিলাম না। সেটা ভেবেও আনন্দ হচ্ছে। প্রসঙ্গত, ছবির যাবতীয় প্রশ্ন ঘুরবে তিনটি চরিত্রকে কেন্দ্র করে। ‘ডাক্তার কাকু’ ওরফে প্রসেনজিৎ, তার দুই ছেলে ‘পুশকিন’ ওরফে ঋদ্ধি এবং ‘পচা’ ওরফে পাভেল স্বয়ং! এ ছাড়াও আছেন রজতাভ দত্ত, তুলিকা বসু।

ছবিতে প্রসেনজিৎ আগের প্রজন্মের চিকিৎসক। যিনি ডাক্তারি পাস করার সময় নেয়া মানবসেবার শপথ অক্ষরে অক্ষরে মানেন। রোগী দেখতে শুরু করলে নাওয়া-খাওয়ার হুঁশ থাকে না তার। পাড়া এবং আশপাশে চিকিৎসক দিলীপ সাহা তাই ঈশ্বর। কলকাতার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি দু’দিনের জন্য শুট হয়েছে পুরুলিয়ায়। একাধিক গান থাকবে। সুরের দায়িত্বে- রণজয় ভট্টাচার্য, অমিত ঈশান, অর্ণব দত্ত, সৌপ্তিক সায়ন্তন।