যার সুরে আসিফ আকবরের সবচেয়ে বেশি গান জনপ্রিয়তা পেয়েছে তিনি রাজেশ ঘোষ। এই সুরকারের প্রতি তাই আবেগ কিংবা কৃতজ্ঞতাও বেশি আসিফের। এবার এই সুরকারকে নিয়ে তার জন্মদিনে একটি আবেগি পোস্ট দিয়েছেন আসিফ। তিনি লিখেছেন, ‘ও প্রিয়া তুমি কোথায়’র সফলতার পর দ্বিতীয় অ্যালবাম সাজানো নিয়ে সংশয় ও জটিলতা ছিল। মাঝখানে এক বছরের গ্যাপ তৈরি হচ্ছে, কুইক প্ল্যান সাজাতে হবে। আমি রাজেশ দাকে টার্গেট করে বাসায় সিটিং দিলাম। তিনি গিটার বাজিয়ে শোনালেন নিজের লেখা সুরের গান- বন্ধু তোমাকে জানাই বিদায়, টার্গেট লকড্। সিদ্ধান্ত তাৎক্ষণিক, রাজেশ দা-ই আমার তুরুপের তাস। ছয় মাসের মধ্যে একে একে তৈরি হলো- ‘একাকী গভীর রাতে’, ‘কেমন আছো তুমি’, ‘ভুলতে পারি না সাথী’, ‘ও পাষাণী’, ‘প্রিয়তমারে’, ‘অভিমানী’, ‘তুমি বলো আলো’, ‘তুমিই সুখী হও’র মতো পপুলার গান। রাজেশ বাবু নিজেই চ্যাম্পিয়ন গীতিকবি।
যে কারণে গীতিকার সিলেকশনের টোটাল দায়িত্ব ছিল উনারই, আমি ছিলাম সাজেস্টিংয়ে। আমার মাদার কোম্পানি সাউন্ডটেক ইলেকট্রনিকসের কাজ ছিল ফাইন্যান্স প্রোভাইড করা, পলিসি আর গায়কী আমার। রাজেশ ঘোষের মায়াবী মন্ত্রে বেড়ে উঠেছে একটা বিশাল প্রজন্ম, তিনি নিজেও একজন গায়ক, অসামান্য তার গায়কী। আসিফ আরও বলেন, রাজেশ দা আমার ক্যারিয়ারের সর্বোচ্চ গানের কম্পোজার। তার সৃষ্টি আমাকে দিয়েছে স্বাধীনতার রক্ষাকবচ। ব্যক্তিজীবনে তিনি একজন হাসিখুশি অমায়িক নির্লোভ শান্তিপ্রিয় মানুষ। মানুষটা বয়সে ছোট হলেও আমি রাজেশ দাকে সর্বোচ্চ সম্মান এবং সমীহ করি। আজ বাবু রাজেশ ঘোষের জন্মদিন। শুভ জন্মদিন ভাই আমার, যতক্ষণ জ্ঞান ততক্ষণ গান, অনেক আনন্দে বাঁচুন।
