বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুক্রবার (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ।
এর আগে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তারেক রহমান নয়াদিল্লি সফর করতে পারেন।
এরপরেই তারেক রহমানের প্রেস সচিব রয়টার্সকে নতুন তথ্য জানালেন।
রয়টার্সকে সালেহ বলেন, সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) এবং অন্যান্য পলাতক অপরাধীকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
গত কয়েক সপ্তাহ ধরে তারেক রহমানের সম্ভাব্য এ সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। ২০২৪ সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছে, তা কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সফরটি ঘিরে নানা জল্পনা চলছে।
ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখানেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তাকে প্রত্যর্পণের জন্য একাধিকবার নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা।
ভারত জানিয়েছে, বিষয়টি তারা পর্যালোচনা করছে।
এদিকে তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি। শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ সফর নিয়ে তার কাছে কোনো মন্তব্য নেই।
