হজে গিয়ে ভিক্ষা করবেন না, নাগরিকদের কড়া বার্তা পাকিস্তানের

হজে গিয়ে ভিক্ষা করবেন না, নাগরিকদের কড়া বার্তা পাকিস্তানের

ফন্ট সাইজ:

হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়া নাগরিকদের ভিক্ষাবৃত্তি, অনুমতি ছাড়া অর্থ সংগ্রহ এবং সৌদি ভিসার শর্ত লঙ্ঘন না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান।
সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি দূতাবাস এক বার্তায় পাকিস্তান থেকে আগত ওমরাহযাত্রী এবং কর্মীদের সৌদি আরবের আইন ও ভিসার শর্ত পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে।
দেশটির দূতাবাস সতর্ক করে বলেছে, আইন লঙ্ঘন করলে গ্রেপ্তার, আটক এবং শেষ পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানোর মতো শাস্তির মুখে পড়তে হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাক দূতাবাস ‘পাকিস্তান থেকে আগত সব ওমরাহযাত্রী ও কর্মীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা’ শিরোনামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওও প্রকাশ করেছে।
ভিডিওতে এআই নির্মিত এক ব্যক্তিকে সৌদি কর্তৃপক্ষ গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যেতে দেখা যায়। সৌদির আইন ভঙ্গ করলে কী ধরনের পরিণতি হতে পারে, সে বিষয়ে সতর্ক করতেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
পাকিস্তানি দূতাবাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ ভিক্ষাবৃত্তি এবং অনুমতিবিহীনভাবে অর্থ বা সহায়তা চাওয়ার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। বিশেষ করে মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর আশপাশে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাকিস্তানি দর্শনার্থীদের অনুমোদনহীন স্থানীয় কোনো সেবা গ্রহণ বা ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে কোনো অর্থ সংগ্রহ বা আর্থিক সহায়তা দওয়ার প্রয়োজন হলে তা অবশ্যই বৈধ ও অনুমোদিত পদ্ধতিতে করার জন্য বলা হয়েছে।
পাক দূতাবাস আরও মনে করিয়ে দিয়েছে, হজযাত্রী ও কর্মীদের তাদের ভিসার ধরন, শর্ত এবং মেয়াদ কঠোরভাবে মেনে চলতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে অবস্থান করা কিংবা ভিসার আওতায় অনুমোদিত নয়- এমন কোনো কাজে যুক্ত হওয়ার ব্যাপারেও সতর্ক করা হয়েছে।