যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ডিএফসির অর্থায়নের যোগ্য বলে বিবেচিত হবে। সোমবার ডিএফসির অফিসিয়াল ওয়েবসাইটে এ ঘোষণা দেয়া হয়। দক্ষিণ এশিয়ায় ডিএফসির বিনিয়োগ একটি স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করে। এটি জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি প্রকল্পে সহায়তা করে। এর মাধ্যমে জোট আরও শক্তিশালী হয় এবং এই অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষা পায়।
বাংলাদেশের এই নতুন যোগ্যতা ডিএফসির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগ কাজে লাগিয়ে দেশটির বিশাল অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব হবে। এই খবর দিয়েছে ডিএফসি।
ডিএফসি অর্থায়ন এবং ঝুঁকি কমানোর উপকরণগুলোতে বর্ধিত প্রবেশাধিকার গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণে সহায়তা করবে। অন্যথায় যেসব প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতার মুখে পড়ত, সেগুলোকে এগিয়ে নিতে এটি সাহায্য করবে। এই বিনিয়োগগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় পরিষেবাগুলোতে প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসাগুলোকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। বাণিজ্যিকভাবে টেকসই এবং উন্নয়নমুখী প্রকল্পগুলোকে অর্থায়নের সীমাবদ্ধতা বা অনুভূত ঝুঁকি কাটিয়ে উঠতে সাহায্য করার ক্ষেত্রে ডিএফসির সমর্থন খুবই মূল্যবান। অন্যথায় এই ঝুঁকিগুলো বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করত।
ডিএফসির সিইও বেন ব্ল্যাক জানান, ডিএফসি অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতা তাদের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এটি এমন বেসরকারি বিনিয়োগকে কাজে লাগানোর সুযোগ তৈরি করেছে যা দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি বয়ে আনবে। তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ অবকাঠামোকে শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তা করার মাধ্যমে তারা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগ উন্মুক্ত করতে পারেন। একইসাথে তারা মার্কিন কৌশলগত স্বার্থকেও এগিয়ে নিতে পারেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্যের প্রসার বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থন করার বিষয়ে এটি তাদের প্রকাশ্য প্রতিশ্রুতি। তিনি আরও জানান, এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে ডিএফসির অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি তাদের উভয় দেশের আরও সমৃদ্ধি ত্বরান্বিত করবে।
