যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ‘বিগ আইল্যান্ডে’ তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘লালা’। কয়েক ঘন্টা তান্ডব চালিয়ে এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়ে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়ার পর বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। ঝড়ের প্রভাবে রোববার বিকেল পর্যন্ত রাজ্যজুড়ে এক লাখ ৮০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাওয়ার আউটেজ ইউএস এর তথ্য অনুযায়ী, হাওয়াইয়ের স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ১২৩ জন গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন রোববার জানান, রাজ্যজুড়ে অন্তত ১০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টির বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ মাইল।
হাওয়াইয়ান ইলেকট্রিক শনিবার সন্ধ্যায় গ্রাহকদের সতর্ক করে জানিয়েছিল যে, হারিকেন মাত্রার বাতাস এবং বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট প্লাবিত হওয়ায় মেরামতের কাজ ব্যাহত হচ্ছে। রাজ্যের এক কর্মকর্তা জানিয়েছেন, ঝড়ের প্রভাবে হওয়া আকস্মিক বন্যা হাওয়াইয়ের বিভিন্ন অংশে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাওয়াইয়ের পরিবহন দপ্তরের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, রাস্তার ওপর দিয়ে বন্যার পানি প্রবল বেগে বইছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে, পানির তোড়ে দুটি বাড়ি পুরোপুরি ভেসে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকাল পর্যন্ত অন্তত ১১৭ জন মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
