দুবাইয়ে স্বর্ণ আগস্ট মাসের সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছেছে। মাসের শুরু থেকে গয়না ক্রেতাদের জন্য প্রতি গ্রাম সোনার দাম প্রায় ৪৪ দিরহাম বেড়েছে। সোমবার সকাল ৮টা ৩৪ মিনিটে দুবাইয়ে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ৫৩১ দিরহাম। রোববার এই দাম ছিল ৫২৭.৫০ দিরহাম। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৪৯১.৭৫ দিরহাম, যা রোববার ছিল ৪৮৮.৫০ দিরহাম। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। সোমবারের ২৪ ক্যারেটের দাম ১২ আগস্টের ৫৩৩.২৫ দিরহাম এ মাসের সর্বোচ্চ দামের চেয়ে মাত্র ২.২৫ দিরহাম কম।
ফলে চলতি মাসে সোনার দাম এখনো সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। আগস্টের শুরু থেকে যারা সোনার দাম পর্যবেক্ষণ করছেন, তারা দুই সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখেছেন। ১লা আগস্ট ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪৮৭.২৫ দিরহাম। সোমবার সকালে তা বেড়ে হয়েছে ৫৩১ দিরহাম। অর্থাৎ প্রতি গ্রামের দাম ৪৩.৭৫ দিরহাম বা প্রায় ৯ শতাংশ বেড়েছে।
২২ ক্যারেট সোনার দামও একই ধরনের বৃদ্ধি পেয়েছে।
আগস্টের শুরুতে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৫১.২৫ দিরহাম। সোমবার তা বেড়ে হয়েছে ৪৯১.৭৫ দিরহাম। অর্থাৎ প্রতি গ্রামে দাম বেড়েছে ৪০.৫০ দিরহাম। আগস্টের শুরুতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৫০০ দিরহামের নিচে ছিল। ৩রা আগস্ট তা নেমে আসে ৪৮৫.৫০ দিরহামে। পরদিনই আবার বেড়ে হয় ৪৯২.২৫ দিরহাম। প্রথম সপ্তাহে দাম আরও দ্রুত বাড়তে থাকে। ৬ই আগস্ট ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছায় ৫১০.৫০ দিরহামে এবং ৭ই আগস্ট তা বেড়ে হয় ৫২৩.৭৫ দিরহাম। এরপর ১২ই আগস্ট দাম বেড়ে আগস্টের সর্বোচ্চ ৫৩৩.২৫ দিরহামে পৌঁছায়। অবশ্য পরদিন তা কমে ৫২৩.৫০ দিরহামে নেমে আসে।
সোমবার আবার দাম বেড়ে ৫৩১ দিরহামে ওঠায় সোনার দাম আগস্টের সর্বোচ্চ পর্যায়ের একেবারে কাছাকাছি চলে এসেছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম টানা দুই সপ্তাহ ধরে বাড়ছে। আগের সপ্তাহ প্রায় ১ শতাংশ বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হওয়ার পর সোমবার প্রতি আউন্স সোনার দাম ৪৪০০ ডলারের কাছাকাছি। যুক্তরাষ্ট্রের দুর্বল খুচরা বিক্রয় সংক্রান্ত তথ্য এবং ভোক্তা আস্থার পতনের কারণে ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। এর ফলে শিগগির যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়তে পারে এমন আশঙ্কাও কিছুটা কমেছে। সুদের হার বৃদ্ধি সাধারণত সোনার জন্য নেতিবাচক, কারণ সোনা কোনো সুদ দেয় না।
সোমবার মার্কিন ডলারের একটি সূচক ০.২ শতাংশ কমেছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের কাছে ডলারে নির্ধারিত সোনা তুলনামূলক সস্তা হয়েছে। একই সময়ে মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হারের কাঠামোও আরও খাড়া হয়েছে। ৪ হাজার ডলারের ওপরে সোনার দাম পুনরুদ্ধারের সঙ্গে বিনিয়োগকারীদের নতুন করে চাহিদা বৃদ্ধি এবং বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনার প্রবণতাও যুক্ত হয়েছে। এর মধ্যে চীনের কেনাকাটাও রয়েছে।
