টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল

টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্টে রূপকথার জন্ম দিয়েছে টাইগাররা। ডারউনে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে অজিদের বিপক্ষে ৯ উইকেটে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক আনন্দের মাঝেই বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে অন্য এক আলোচনা। স্লো ওভার-রেটের কারণে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও তার দলের ওপর নেমে আসতে পারে বিশাল অঙ্কের জরিমানা। সঙ্গে রয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটার শাস্তির সম্ভাবনাও।

ম্যাচের তৃতীয় দিন শনিবার নির্ধারিত ৯০ ওভারের কোটায় পৌঁছাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। তারা বোলিং করতে পারে মাত্র ৮৬ ওভার। অর্থাৎ, ন্যূনতম চাহিদার চেয়ে চার ওভার কম বল করায় আইসিসির শাস্তির মুখে পড়তে হচ্ছে তাদের। আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট ক্রিকেটে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে মোট ৯০ ওভার বল করার কথা। যদি কোনো দল নির্ধারিত ওভারে পিছিয়ে থাকে, তবে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কাটা হতে পারে।

প্রতিটি টেস্ট ম্যাচের জন্য অজি ক্রিকেটারদের ২০ হাজার ডলার পারিশ্রমিক ধরা হলে, চার ওভার কম বল করার কারণে এক দলের ১১ জন খেলোয়াড়কে মোট ৪৪ হাজার ডলার (জনপ্রতি ৪,০০০ ডলার) জরিমানা গুনতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা। পাশাপাশি, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে চার পয়েন্টও কেটে নেয়া হতে পারে।

বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এই চার পয়েন্ট কাটা গেলে তাদের মোট পয়েন্ট নেমে আসবে ৮০তে। যদিও তাদের জয়ের শতকরা হারে এর কোনো প্রভাব পড়বে না। তবে এই ঘটনা অস্ট্রেলিয়ান শিবিরে পুরোনো এক দুঃস্বপ্নের স্মৃতি ফিরিয়ে এনেছে। এর আগে ২০২০ সালের বক্সিং ডে টেস্টে স্লো ওভার-রেটের কারণে চার পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ হারায় ক্যাঙ্গারুরা।
এদিকে বাংলাদেশের প্রথম ইনিংসে ওভার-রেট কম থাকলেও আইসিসির বিশেষ নিয়মের কারণে রক্ষা পাচ্ছে টাইগাররা। নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষ দল যদি ৮০ ওভারের কম ব্যাট করে অথবা দুই ইনিংসে মিলিয়ে ১৬০ ওভারের কম স্থায়ী হয়, তবে স্লো ওভার-রেটের শাস্তি প্রযোজ্য হয় না। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় অস্ট্রেলিয়া এই নিয়মের বাইরে চলে গেছে।

এখন সবকিছু নির্ভর করছে ডারউইন টেস্টের ম্যাচ রেফারির ওপর। প্রচণ্ড গরম এবং উইকেটের পতনের মতো বিষয়গুলো বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। তবে ঐতিহাসিক এই জয়ের আনন্দ এখন ভাসছে গোটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে।