আট বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন সালাম ফালান। পথে হঠাৎ ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউয়ের কবলে নৌকাটি ডুবে যায়। এসময় সন্তানকে বাঁচাতে নিজেই গেলেন পানিতে তলিয়ে। রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া সালাম ওরফে ফালান (২৮) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার সকাল ৮টার দিকে কাপ্তাই হ্রদের গভীর পানিতে অভিযান চালিয়ে সালামের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
নিহত সালাম লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার মৃত শাহাবুদ্দীনের ছেলে।
স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার বিকেলে মাইনীমুখ বাজার থেকে নিজের আট বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন সালাম ফালান। পথে হঠাৎ ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে যাওয়ার মুহূর্তে নিজের জীবনের কথা না ভেবে ছেলেকে আগলে রাখেন সালাম। শিশুটিকে বাঁচানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতে থাকেন। একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া অন্য একটি জেলের নৌকা শিশুটিকে উদ্ধার করে নিজেদের নৌকায় তুলে নেয়।
কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় সালাম গভীর পানিতে তলিয়ে যান। বাবাকে হারিয়ে শিশুটি নিরাপদে ফিরে এলেও আর ফিরতে পারেননি সালাম।
ঘটনার পরপরই নিখোঁজ সালামের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। রাঙামাটি থেকে ডুবুরি দল এসে রাত থেকেই কাপ্তাই হ্রদে তল্লাশি চালায়। দীর্ঘ সময়ের চেষ্টার পর সোমবার সকাল ৮টার দিকে পানির গভীর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন, ঘটনার পরপরই রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর অভিযান চালানোর পর সোমবার সকাল ৮টার দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
সালামের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সন্তানকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিজের জীবন উৎসর্গ করা এই বাবার ঘটনা স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে। একইসঙ্গে করেছে ব্যথিতও।
