পশ্চিমবঙ্গের বীরভূমে সোমবার ভোরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে সাতজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে মৃত ও আহতরা প্রায় সকলেই পূণ্যার্থী বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে। তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসেছিলেন তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মন্দির শহর তারাপীঠের একটি চারতলা হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। তখনও বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশ ও দমকলকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি হোটেলের ভিতরে আটকে পড়া আবাসিকদের উদ্ধারের কাজ। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এরপর হোটেলের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে দগ্ধ অবস্থায় সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দমকল বিভাগের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দিনহাটা এলাকার বাসিন্দা। ফলে খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা তারাপীঠ ও রামপুরহাটের উদ্দেশে রওনা দেন। অনেকেই হাসপাতালে এসে স্বজনদের খোঁজ করছেন।
