জিএমপি’র কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

ফন্ট সাইজ:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জিএমপি’র সদর দপ্তরে পৃথক এ দু’টি সভা অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক নানা সমস্যা এবং আবেদন তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ কমিশনার। এ সময় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পরে অবসরজনিত কারণে চারজন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

দুপুরে সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা। এতে মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। সভায় অনুদঘাটিত মামলার রহস্য দ্রুত উদ্‌ঘাটন ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।