ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি তিন তরুণী। গত বুধবার সন্ধ্যার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা তরুণীরা হলেন- রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে তারা দুই বছর আগে সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বই গিয়েছিলেন। সেখানে বিউটি পার্লারে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হন তারা।
পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের এক বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন। ওসি আরও জানান, ভারত ফেরত ৩ তরুণীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে। জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন বলেন, তাদের বৃহস্পতিবার নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
