মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

ফন্ট সাইজ:

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। এ ছাড়া শ্রেষ্ঠ এসআই সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রুয়েল দেবনাথ এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু হানিফ নির্বাচিত হন। এর পাশাপাশি আলোচিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য রাজনগর থানার এসআই অরূপ সরকার এবং সাইবার মামলার আসামি গ্রেপ্তার, মাদক ও চোরাই মোবাইল-নগদ অর্থ উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।