ফেনীতে দুই গুরুত্বপূর্ণ কমিটিতে আওয়ামী লীগ নেতা ক্ষোভ-বিতর্কের ঝড়

ফন্ট সাইজ:

ফেনীতে গুরুত্বপূর্ণ সরকারি কমিটিতে বিতর্কিত ব্যক্তি ও নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাদের দায়িত্ব দিয়ে পুনর্বাসনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধঘোষিত ‘বাংলাদেশ আওয়ামী লীগ’-এর ফেনী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল মোতালেবকে সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষক বদলি কমিটি এবং মুক্তিযোদ্ধা পুনর্বাসন আপিল কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, আবদুল মোতালেব ফেনী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির ৫১ নম্বর সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন। সরকার ঘোষিত রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় ও পদধারী নেতাকে কীভাবে সরকারি নীতি-নির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এদিকে, ৫ই আগস্ট-এ সরকার বদলের পরও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির পদটি দখলে রেখেছেন আবদুল মোতালেব। তিনি ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সদস্যসচিব পদেও রয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় জেলাজুড়ে চলছে তীব্র সমালোচনা। তার পিতা মরহুম আবদুল মালেক মুক্তিযুদ্ধ পরবর্তী ফেনী মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের প্রকাশ ঘটেছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর যেখানে প্রশাসনের পুনর্গঠন ও স্বচ্ছতা নিশ্চিত করার কথা, সেখানে সরকারের অভ্যন্তরে থাকা কোনো অসৎ গোষ্ঠী কিংবা দোসররা এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করছে? এসব বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আবদুল মোতালেব বলেন, আমি কোথাও সদস্য হওয়ার জন্য তদবির করিনি, প্রাথমিক শিক্ষকদের বদলির কমিটির বিষয়ে আমি জানি না। কে বা কারা আমার নাম দিয়েছে। আমি সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সেই হিসেবে মুক্তিযোদ্ধা আপিল কমিটিতে থাকতেই পারি। ফেনী পৌর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেন, কার্যক্রম নিষিদ্ধ ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য মোতালেব এখন জেলা প্রাথমিক শিক্ষক বদলি কমিটির সদস্য! সরকারের অভ্যন্তরে থেকে কারা সরকারকে বিতর্কিত করছে- বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত সংশ্লিষ্ট মহলের।

এসব বিষয়ে ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপির অনুরোধে মুক্তিযোদ্ধা আপিল কমিটিতে আব্দুল মোতালেবকে সদস্য করা হয়েছে। প্রাথমিক শিক্ষক বদলি কমিটির সদস্যসহ অন্য পদগুলোতে নিয়ে যেহেতু সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে সেক্ষেত্রে তাকে বাদ দেয়া যেতে পারে।