গাজীপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

ফন্ট সাইজ:

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে খোরশেদ আলম (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে চারজনকে। নিহত খোরশেদ আলম কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া সোহাগ মিয়ার বাড়ির ভাড়াটিয়া জিয়াউর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, গত বুধবার রাতে স্থানীয় হৃদয়, কাদের, নাঈমসহ ৫ থেকে ৭ জন যুবক খোরশেদ আলমকে ডেকে নিয়ে যায়।

এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। সকালে পাশের একটি কাঠ বাগানে খোরশেদ আলমের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। বাড়ির মালিক সোহাগ মিয়া জানান, মাদক সংক্রান্ত বিষয়ের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তিনি আরও বলেন, হৃদয় কিছুদিন আগে খোরশেদ আলমের মাকে বাসায় এসে হুমকি দিয়ে যায়। হুমকি দেয়ার সময় বলেছিল তোমার ছেলেকে মেরে ফেলবো। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. হামিদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।