লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

ফন্ট সাইজ:

সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর ৫ নম্বর ওয়ার্ডের ইলেকট্র্রিক সাপ্লাই এলাকায় ক্লাবের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। প্রচণ্ড গরমের মধ্যে বার বার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবন পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছে।

বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক রূপ নিচ্ছে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, আর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে স্থবিরতা নেমে এসেছে। সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র আব্দুল আহাদ এলিছের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সদস্য মাসুক আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও ভুক্তভোগী এলাকাবাসী।