বোয়ালমারীতে হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার ভীমপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠানো হয। পুলিশ সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। গত ২০২৫ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় একটি মামলা হয়।

এ ছাড়া তিনি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা থানায় ৫ই আগস্ট পরবর্তী বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। পাশাপাশি জোড়া হত্যার মামলাসহ আরও চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। গ্রেপ্তারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান ঘোষপুর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ফারুক নানা অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবিরোধী কার্যকলাপসহ থানায় ছয়টি মামলা রয়েছে। তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।