খুলনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাহীন আলম গাজী ওরফে শাহীন গাজী নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
বৃহস্পতিবার খুলনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার। কারাদণ্ডপ্রাপ্ত আসামি ডুমুুরিয়া উপজেলার থুকড়া গ্রামের মাহাবুর গাজীর ছেলে।
আদালত সূত্র জানায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ২০২৪ সালের ১লা মে রাতে ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে যায়। রাত সাড়ে ১২টার দিকে শাহীন গাজী স্কুল শিক্ষার্থীকে মিথ্যা কথা বলে উপজেলার রূপরামপুর গ্রামের একটি ভিটা বাগানের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন।
