খাদ্যপণ্যে ভেজাল : মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খাদ্যপণ্যে ভেজাল : মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দু’টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জেলা প্রশাসন মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ও মো. আকিব উল্লাহর যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান কর্তৃক এ-ওয়ান ব্রেড অ্যান্ড বেকারিকে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ কর্তৃক জেরিন ফুড অ্যান্ড কোং- কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ নিয়ে পৃথক ২টি মামলায় সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনাকালে মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।