রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান মুয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুয়াজ নরসিংদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের বাবা মাসুম আহমেদ জানান, তারা রাজধানীর গোড়ান এলাকায় বসবাস করেন। মুয়াজ তাদের একমাত্র ছেলে। বৃহস্পতিবার তার পরীক্ষা থাকায় সকালে মোটরসাইকেল নিয়ে নরসিংদী সরকারি কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় চলন্ত একটি ট্রাককে অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হয় সে। এতে ঘটনাস্থলেই মুয়াজের মৃত্যু হয়। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছেন নিহতের বাবা। পরে তিনি মুয়াজের মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।