বেনাপোলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ফন্ট সাইজ:

যশোরের বেনাপোলে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ভবেরবেড় এলাকার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী ফজলু রহমান ও ভ্যানচালক আলী কদর নামে দু’জন আহত হয়েছেন। নিহত শিক্ষক ইব্রাহিম শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও উপজেলার ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষক ইব্রাহিম ও ফজলু রহমান মোটরসাইকেলযোগে গোগা থেকে কাগজপুকুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিলবোঝাই একটি ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে চালকসহ তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিক্ষক ইব্রাহিমের মৃত্যু হয়। বেনাপোল পোর্ট থানার ওসি আরশাফ হোসেন জানান, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।