এক মাসের শুটিংয়ে নেপালে অপু বিশ্বাস

এক মাসের শুটিংয়ে নেপালে অপু বিশ্বাস

ফন্ট সাইজ:

শাকিব খানের সঙ্গে জুটি ভাঙার পর বেশ কিছু নায়কের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করেছেন অপু বিশ্বাস। এর মধ্যে রয়েছেনÑ সাইমন সাদিক, নিরব, জয় চৌধুরী প্রমুখ। এর বাইরে আদর আজাদ ও সজলের সঙ্গেও জুটি বেঁধেছেন তিনি। এদিকে, গত প্রায় দুই বছর ধরে নতুন সিনেমায় পাওয়া যাচ্ছিল না অপু বিশ্বাসকে। এবার দুই বছরের বিরতি ভেঙে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এখন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ট্র্যাপ’। দীন ইসলাম পরিচালিত সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পায়।

বর্তমানে অভিনেত্রী ‘শিকার’ শিরোনামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। এর শুটিং চলছে নেপালে। এতে তার বিপরীতে অভিনয় করছেন নতুন নায়ক মুর্তজা পলাশ। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক মাস ধরে চলবে সিনেমাটির দৃশ্যধারণ। আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটির। তবে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনো জানানো হয়নি। এদিকে, নিজের নতুন সিনেমা ‘শিকার’ নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘ছবিটিতে আমার অভিনয়ের জায়গা আছে। নির্মাতার কাছে এর গল্প শুনে তাই রাজি হয়ে গেছি। এই সিনেমার মাধ্যমে আমি একজন নতুন নায়কের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটি নিয়েও
আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে। অন্যদিকে, ‘শিকার’র বাইরেও অপুর হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ নামে দু’টি সিনেমা। ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ, এতে তার বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’-এ তার বিপরীতে আছেন আদর আজাদ।