স্বস্তিতে জাহ্নবী

স্বস্তিতে জাহ্নবী

ফন্ট সাইজ:

সম্প্রতি ‘পর্নোগ্রাফিক কনটেন্ট’র শিকার হওয়ায় দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন জাহ্নবী কাপুর। অশ্লীল কনটেন্ট তৈরি করা ফ্যান পেজগুলো অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। বুধবার সেই মামলার শুনানিতেই বাকস্বাধীনতার পক্ষে প্রশ্ন করে বড় নির্দেশ দিল্লি উচ্চ আদালতের। আদালত স্পষ্টভাবে জানায় যে, অভিনেত্রীর অনুমতি ব্যতীত তার কোনো ছবি-ভিডিও ব্যবহার করা যাবে না। তবে ফ্যান পেজগুলোকে পুরোপুরি নিষিদ্ধ করতে চায়নি আদালত। কেন? আদালতের রায়ে একদিকে যখন স্বস্তিতে জাহ্নবী, তেমনি ফ্যানপেজ নিয়েও পেয়েছেন আদালতের ভিন্ন বার্তা। অভিনেত্রীর অভিযোগ, বিনা অনুমতিতে বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে তার নাম-ছবি ও পরিচিতি ব্যবহার করে নানা ধরনের বাণিজ্যিকভাবে লাভ করা হচ্ছে। জাহ্নবীর আইনজীবীরা এহেন প্রায় পাঁচ হাজারেরও বেশি ওয়েবপেজ এবং পোস্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।

তবে ফ্যানপেজ বিষয়ে বিচারপতির বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি এড়িয়ে গেলে চলবে না। তিনি প্রশ্ন তুলেছেন, কোনো তারকা কীভাবে তার নামে থাকা প্রতিটি ফ্যান ক্লাবের পেজ বন্ধ করে দিতে পারেন? পাশাপাশি জাহ্নবীর আইনজীবীকে এও জানানো হয় যে, তারকাদের ব্যক্তিঅধিকার রক্ষা করতে গিয়ে কারও বাকস্বাধীনতা খর্ব করা উচিত নয়। আদালত মনে করিয়ে দিয়েছে, তারকা হওয়ার অর্থ এই নয় যে, তাকে নিয়ে জনসাধারণের সমস্ত বক্তব্য নিয়ন্ত্রণ করার অধিকারও তৈরি হবে।