মাদক ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হবে না। যে দলেরই হোক, যত প্রভাবশালীই হোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তাদের শিকড় উপড়ে ফেলা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। এ ছাড়াও তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না। একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ডিআইজি বলেন, মাদক ব্যবসায়ীরা কোন দলের এটা বিবেচ্য নয়। মাদক ব্যবসায়ী মানেই অপরাধী। তাদের রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা প্রভাব কোনো কিছুই আইনের ঊর্ধ্বে নয়। গতকাল বিকালে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলা পুলিশ সুপার এম. এন. নাসিরুদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশীদ, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী শাহাদৎ হোসেন, জেলার সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, আইনজীবী ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
