রংপুরের পীরগঞ্জে জামায়াতের এমপিকে হুমকি ও ফেসবুকে অবমাননাকর বক্তব্য প্রচার করায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াত। বৃহস্পতিবার বিকালে পীরগঞ্জ উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে সংগঠনটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। বক্তব্যে দাবি করা হয় মোস্তাফিজুর রহমান মিলু ও মো. মিরাজকে তার প্রকাশিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর পোস্ট অপসারণ করার দাবি জানানো হয়। যদি আপত্তিকর পোস্ট অপসারণ কিংবা দুঃখ প্রকাশ না করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, উপজেলা ছাত্রদলের সভাপতি ও রংপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকার ফেসবুক আইডি থেকে জামায়াতে ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি এবং রংপুর-৬ পীরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মওলানা মো. নুরুল আমীনকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্য ফেসবুক আইডিতে এসে প্রচার করেছেন। যা ফেসবুক গণমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়ায় জামায়াতে ইসলাম, ছাত্র শিবির এবং এমপি’র রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয়েছে। এ ছাড়াও পীরগঞ্জ মহাবিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মো. মিরাজ কর্তৃক এমপি মওলানা মো. নুরুল আমীনকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেয়া হয়েছে।
