চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মানববন্ধন

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মানববন্ধন

ফন্ট সাইজ:

‘হেয়ার কাট’ নীতি বাতিল ও চুক্তি অনুযায়ী আমানতের টাকা ফেরতসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন আমানতকারীরা। গতকাল দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী এসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মুষলধারে বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক আমানতকারী এতে অংশ নেন।

কর্মসূচি চলাকালে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক হানিফ মিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আমানতকারীদের চার সদস্যের একটি প্রতিনিধিদলকে কার্যালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে প্রতিনিধিদলটি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো তুলে ধরে একটি স্মারকলিপি দেয়। বৈঠক শেষে আমানতকারীরা জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাদের আমানতের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। ব্যাংকে থাকা আমানত সুরক্ষিত রয়েছে এবং আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিনিধিদলটি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার কাছে দেয়া স্মারকলিপিতে আমানত সুরক্ষা, লেনদেন স্বাভাবিক করা এবং অর্থ কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবি তুলে ধরে। স্মারকলিপিটি নিজস্ব সুপারিশসহ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানোর আশ্বাস দেয়া হয়েছে বলে জানান আমানতকারীরা। আন্দোলনকারী শারমিন আক্তার বলেন, অর্থমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা চাই, এই আশ্বাস দ্রুত বাস্তবায়ন হোক। আমাদের কষ্টের টাকা আমরা ফেরত চাই। কর্মসূচিতে এসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল করিম কচি, সহ-সভাপতি খালেদ মোশাররফ ও শারমিন আক্তার, অর্থ সম্পাদক আলাউদ্দীন আজাদ এবং মুখপাত্র আলীশাহ্ মো. নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।