শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি রুবেলকে

শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি রুবেলকে

ফন্ট সাইজ:

জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা। দাঁড়িয়ে চলতে পারেন না। চলাফেরায় রয়েছে নানা সীমাবদ্ধতা। দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি পড়াশোনাও করতে হয়েছে অনেকটা বসে থেকেই। তবে শারীরিক এই সীমাবদ্ধতা তার স্বপ্নের পথে বাধা হতে পারেনি। মনের জোর, অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়কে সঙ্গী করে প্রতিকূলতাকে জয় করে স্নাতক সম্পন্ন করেছেন শেরপুরের নালিতাবাড়ীর রুবেল শিকদার। রুবেল নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব ঘোগড়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি সরকারি নাজমুল স্মৃতি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০২৬ সালে সফলভাবে স্নাতক সম্পন্ন করেছেন। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার কারণে ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করতে হয়েছে বাড়তি সংগ্রামের মধ্যদিয়ে। তারপরও নিজের শারীরিক সীমাবদ্ধতাকে কখনো স্বপ্নের পথে বাধা হতে দেননি।

শিক্ষাজীবনেও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগ ধরে রেখে শেষ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। রুবেলের জীবন যেন একটি কথাই বলে শরীরের শক্তির চেয়ে মনের শক্তি অনেক বড়। জন্ম তাকে শারীরিকভাবে দুর্বল করে দিলেও তার মনোবল ছিল দৃঢ়। সেই মনোবলের জোরেই শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে নিজের জীবনের গল্প নিজেই তৈরি করেছেন তিনি। রুবেলের এ সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। তার এ অর্জনকে অনেকেই শুধু একটি শিক্ষাগত সাফল্য হিসেবে দেখছেন না, বরং শারীরিক প্রতিবন্ধকতা থাকা শিক্ষার্থীদের জন্য এটিকে অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবেও দেখছেন। স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে রুবেল ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারবেন। নিজের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে সমাজের জন্য ইতিবাচক কিছু করার স্বপ্ন রয়েছে তার।