ময়মনসিংহের মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক মাসকান্দা হাইস্কুল রোড দক্ষিণ পাড়া এলাকার মোবারক হোসেন ভুট্টোর ছেলে রাব্বী। তিনি বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করেছিলেন। এ সময় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। রাব্বী দৌড়ে একটি দোকানের ভেতর আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। হামলাকারীরা রাব্বীকে ওই অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন, আমার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনে দোকানে আসে। এ সময় একদল যুবক তার ওপর প্রকাশ্যে আক্রমণ করে ও কুপিয়ে রক্তাক্ত করে। এখানে শত শত মানুষ দাঁড়িয়ে দেখেছে কিন্তু কেউ প্রতিবাদ করেনি। এখন আবার কেউ কিছু ভয়ে বলছে না। আমরা এই হত্যার বিচার চাই। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পাসপোর্ট অফিস ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
