ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশের ওপর হামলা চালাতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। গত রাতে দেশটির এয়ার ডিফেন্স কমান্ড অপারেশন্স সেন্টার পরিদর্শনের সময় তিনি এই কথা বলেন বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরাকি নিউজ এজেন্সি’। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন এবং দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্ব অলঙ্ঘনীয় উল্লেখ করে আল-জাইদি বলেন, ইরাক তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
প্রতিবেশী দেশগুলোর ওপর যেকোনো ধরনের আগ্রাসন চালানোর জন্য আমাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি আমরা কাউকে দেব না। একই সাথে কোনো পক্ষ থেকে ইরাকের আকাশসীমা লঙ্ঘন বা নিরাপত্তায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি।
