প্রেসিডেন্ট পদে দলের প্রার্থী ঘোষণার আগে বৈঠকে বিএনপি

প্রেসিডেন্ট পদে দলের প্রার্থী ঘোষণার আগে বৈঠকে বিএনপি

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট পদে প্রার্থী ঘোষণার আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন। এই বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রার্থীর নাম জানাবেন বিএনপির চেয়ারম্যান।
এর আগে গত ১লা আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রেসিডেন্ট পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর দেয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সেই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জানিয়েছেন, প্রার্থী ঠিক করার দায়িত্বভার পেয়ে দলের চেয়ারম্যান এ কয়েকদিন ফোনে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন। সবার মতামতের ভিত্তিতে তিনি ইতোমধ্যে প্রার্থী ঠিক করে ফেলেছেন, যা ঘোষণা করা হবে বৃহস্পতিবারের বৈঠকে।
এ বৈঠক শুরুর আগে সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন ফরম সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন। সিনিয়র নেতাদের মধ্যে আছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স।