কিশোরগঞ্জে মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে ২০০ ছাত্রী। মঙ্গলবার সকালে জেলা শহরের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় বিদ্যালয়টির ২০০ ছাত্রী এই শপথ নেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ। সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চামেলী রাণী দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন। এতে উপস্থিত ২০০ ছাত্রীকে মাদকবিরোধী শপথ বাক্য করান প্রধান অতিথি মো. কামরুল হাসান মারুফ।
এছাড়া আলোচনা সভায় ছাত্রীদের মাঝে মাদকবিরোধী লিফলেট এবং মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও মো. কামরুল হাসান মারুফ বলেন, মাদক প্রতিরোধে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন করা দরকার। কেননা আমাদের শিক্ষার্থীরা মাদকের কুফল ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হলে তা পরিবার ও সমাজে মাদকবিরোধী মনোভাব তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে মাদকমুক্ত পরিবার ও সমাজ তৈরি সম্ভব হবে। আলোচনা সভায় বিদ্যালয়ে ছাত্রীরা ছাড়াও শিক্ষক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।
