সাভারের শ্যামপুর এলাকায় বোমা উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে পার্শ্ববর্তী বনগাঁও ইউনিয়নের গোপেরবাড়ী এলাকায় স্কচটেপ প্যাঁচানো একটি প্রেসার কুকারের ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার ঘোড়া মসজিদের সামনের মাঠ থেকে ওই বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. ইমরান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে ঘোড়া মসজিদের সামনের মাঠে একটি ড্রামে বোমা সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয়রা। ড্রামের ভেতর কিছু কাপড়, কসটেপ প্যাঁচানো একটি প্রেসার কুকার ছিল। রাতে ড্রামটি ওই অবস্থায়ই ছিল। পরে প্রেসার কুকারের মুখ থেকে কসটেপ পেঁচানো কিছু বৈদ্যুতিক তার বের হয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা দ্রুত থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আইইডি (বোমা সদৃশ) মনে হচ্ছে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’কে খবর দেয়া হয়েছে। এক্সপার্ট টিম আসলে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু ফেলে রেখে যাচ্ছে, তা খতিয়ে দেখতে পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাও তদন্তে নেমেছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।
উল্লেখ্য, গত ৩১ জুলাই আশুলিয়ার চারাবাগ খেজুর বাগান এলাকায় একটি চায়ের দোকানের সামনে ব্যাগ থেকে প্রেশার কুকারের ভেতর বোমা উদ্ধার করে পুলিশ। এছাড়া মঙ্গলবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
