এনদ্রিকের দলবদল আটকে দিলেন মরিনহো

এনদ্রিকের দলবদল আটকে দিলেন মরিনহো

ফন্ট সাইজ:

মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে ব্রাজিলিয়ান তরুণ তারকা এনদ্রিকের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন জোরালো হয়ে উঠেছিল। ইতালির রোমা এবং প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলার মতো ক্লাব বেশ কিছুদিন ধরেই এই তরুণের ওপর নজর রাখছিল। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, নতুন কোচ হোসে মরিনহোর বিশেষ অনুরোধেই এই মুহূর্তে এনদ্রিককে বিক্রি বা ধারে পাঠানো—কোনোটিই না করার সিদ্ধান্ত নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন অনুযায়ী, রোমা ও অ্যাস্টন ভিলা উভয় ক্লাবই এনদ্রিককে ধারে পাওয়ার জন্য বেশ এগিয়েছিল আলোচনায়, রোমাকেই তার প্রথম পছন্দ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে মরিনহোর হস্তক্ষেপে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে রিয়াল মাদ্রিদ। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে এনদ্রিক ও তার এজেন্টদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একাদশে পর্যাপ্ত সুযোগ না পেয়ে রিয়াল ছাড়তে চেয়েছিলেন এনদ্রিক। তবে মরিনহোর অধীনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে স্কোয়াডে রেখেই ২০২৬-২৭ মৌসুম শুরুর পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। এমনকি ঐতিহাসিক ‘৯’ নম্বর জার্সিও পরতে যাচ্ছেন ২০ বছর বয়সী এই তারকা। আগামী ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে অফিসিয়াল মৌসুম শুরুর প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ।

মাদ্রিদে এটি এনদ্রিকের তৃতীয় মৌসুম হতে চলেছে। তার রিয়ালে থেকে যাওয়ার নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি এই তরুণ ফরোয়ার্ডকে নিজের স্কোয়াডে দেখতে চান। প্রাক-মৌসুমে এনদ্রিকের পরিশ্রম দেখে মুগ্ধ মরিনহো তাকে সেন্ট্রাল ফরোয়ার্ড এবং রাইট উইঙ্গার—উভয় পজিশনেই ব্যবহার করার পরিকল্পনা করেছেন। প্রাক-মৌসুমে ফিওরেন্তিনার বিপক্ষে ৭৫ মিনিট খেলে একটি গোলও করেছেন এনদ্রিক, আর সবশেষ ফেরেনৎসভারোসের বিপক্ষে ম্যাচেও ৬৪ মিনিট মাঠে ছিলেন তিনি, যা মরিনহোর পরিকল্পনায় তার গুরুত্ব বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগে চলতি বছরের শুরুতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে ধারে খেলেছিলেন এনদ্রিক। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এনদ্রিকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেসময় কোচ জাবি আলোনসোর অধীনে তিনি পর্যাপ্ত সুযোগ পেতেন না। কিন্তু বর্তমান কোচ মরিনহোর ইতিবাচক মনোভাবের কারণে সিদ্ধান্ত বদলেছেন এই তরুণ। তাছাড়া রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে নিজের জায়গা পাকা করা রাতারাতি সম্ভব নয়। ভিনিসিয়ুস জুনিয়র বা রদ্রিগোর মতো তারকারাও একাদশে নিয়মিত হতে কয়েক বছর সময় নিয়েছেন।

২০২২ সালের শেষ দিকে পালমেইরাস থেকে প্রায় ৭ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে এনদ্রিককে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। বয়সজনিত বাধ্যবাধকতায় এই চুক্তি কার্যকর হয় ২০২৪ সালের মাঝামাঝিতে। কার্লো আনচেলত্তির অধীনে প্রথম মৌসুমে ৩৭ ম্যাচের ৮টিতে একাদশে থেকে ৭টি গোল করেছিলেন তিনি। তবে গত মৌসুমে জাবি আলোনসোর অধীনে কেবল ৩ ম্যাচ খেলে গোলের দেখা পাননি। গত জানুয়ারি মাসে ধারে লিওঁতে গিয়ে ফরাসি লিগে ২১ ম্যাচের ১৯টিতেই ছিলেন শুরুর একাদশে। নিজে ৮ গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্টও করেছিলেন এই ব্রাজিলিয়ান। এই পারফরম্যান্সের সুবাদেই কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ডাক পান তিনি এবং ২০২৬ বিশ্বকাপে সেলেসাওয়ের জার্সিতে খেলেন, যদিও শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।

আগামী ১ সেপ্টেম্বর ইউরোপীয় দলবদলের বাজার বন্ধ হতে যাচ্ছে। গ্লোবো স্পোর্তের দাবি অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ছেড়ে এনদ্রিকের অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা এখন নেই বললেই চলে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও এই সিদ্ধান্তে সায় দিয়েছেন বলে জানা গেছে। তবে আগামী জানুয়ারি পর্যন্ত মাঠের পারফরম্যান্স ও সুযোগ পাওয়ার ওপর ভিত্তি করে পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে বিভিন্ন প্রতিবেদনে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন