দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে নিয়ে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। এবার তিনি জানালেন, তার জীবনে নতুন একজন মানুষ এসেছেন। প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেছেন তিনি। তার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় একজন ব্যবসায়ী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে সোহানা বলেন, আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি। তবে স্বামীর সঙ্গে সম্পর্ক কিংবা বিয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করতে আগ্রহী নন তিনি। বরং নতুন সংসারে ভালো থাকার কথাই জানিয়েছেন সাবা।
একসময় নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সোহানা সাবা। প্রায় এক দশকের সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন এগিয়ে নেন এই অভিনেত্রী। বিচ্ছেদের পরের সময়টা সোহানা সাবার জন্য খুব একটা সহজ ছিল না। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন সামলে ধীরে ধীরে নিজের কাজ ও সন্তানকে ঘিরে নতুন করে জীবন সাজাতে থাকেন তিনি। সময়ের সঙ্গে নিজের জায়গাটিও তৈরি করে নেন। এরই মধ্যে পরিচয় হয় ফয়সালের সঙ্গে। সেই সম্পর্কই একসময় পরিণতি পায় বিয়েতে।
টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরবর্তী সময়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেন। চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত অভিনেত্রী ও নির্মাতা কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। তবে মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’। এরপর একে একে বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’। দেশের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
