‘অভিনয় ছাড়িনি, ভালো গল্প পেলে ফিরব’

‘অভিনয় ছাড়িনি, ভালো গল্প পেলে ফিরব’

ফন্ট সাইজ:

দীর্ঘদিন ধরে অভিনয়ে দেখা যাচ্ছে না অভিনেতা হাসান মাসুদকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, হজ থেকে ফিরে ধর্মকর্ম নিয়েই ব্যস্ত সময় কাটছে তাঁর। তিনি এখন ধার্মিক হয়ে গেছেন। এমন মন্তব্যের জেরে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে অনেকে কটাক্ষ করে লেখেন, আলোচনায় থাকতে এমন মন্তব্য করেছেন। কেউ কেউ বলেন, অভিনয়সত্তা সম্পর্কে জ্ঞান না থাকায় অভিনয় পেশাকে খাটো করেছেন।

সমালোচনার মুখে এবার মাসুদ জানালেন, তাঁর সাক্ষাৎকারের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করে অনেকে ধরে নিয়েছিলেন, তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। তবে ধারণাটি সঠিক নয় বলে স্পষ্ট করেছেন এই অভিনেতা। হাসান বলেন, ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।

সমালোচনার পর সম্প্রতি গণমাধ্যমে এক দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ভালো গল্প পেলে এখনও অভিনয় করতে চাই। অভিনয়ের সঙ্গে ধর্মচর্চার বিষয়টিকে সাংঘর্ষিক বলে মনে করেন না তিনি। অভিনেতার ভাষ্য, আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই জানেন যে আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি। শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। আমি চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে। পরবর্তী সময়ে পরিচালকরাই বলতেন, বিরতির সময় হয়েছে হাসান ভাই। যান, নামাজ পড়ে আসেন। এভাবেই চলত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন