বিএনপি চাঁদাবাজ দল, এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টুডিওতে হামলা-ভাঙচুর

বিএনপি চাঁদাবাজ দল, এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর ও লুটপাট এবং চাঁদা দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল, এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই।’ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তিনি কোনো মামলা করেন স্পেসিফিক, সেটা তদন্ত হবে। আর বিতর্কিত এই জায়গা নিয়ে, ডিসপিউটেড ল্যান্ড নিয়ে উভয় পক্ষের মধ্যে যে সংঘর্ষটা হয়েছে বা দখল-বেদখলের ঘটনা হয়েছে, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

স্টুডিওতে হামলা-ভাঙচুর ও লুটপাট নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ফেইসবুকে যে লাইভটি করেছেন, সেটি ‘বিতর্কের জন্ম দিয়েছে’ বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। এই লাইভ বিতর্কের জন্ম দিয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘তিনি (সালমান মুক্তাদির) একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিতেন। তো যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন ‘চাইলে দিতেন’। তাহলে তো চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছে—এটি একটি ঢালাও অভিযোগ। তিনি যদি নির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখব।’’

ফেসবুককে একটি ভিডিও পোস্ট করেন সালমান মুক্তাদির। সেখানে তিনি বলেন, ‘ভিডিওটা খুবই স্পেশালি বানানো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য।’ এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে ‘গণতন্ত্র’, ‘বাক স্বাধীনতা’। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্রলোক যিনি অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি। আর এই ঘটনাটায় তিনি ভিকটিমাইজড হয়েছেন, সেটা আমরা দেখেছি।’’

উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির।
ওইদিন রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, ‘এই পুরা অ্যাটাকে আমাদের ফুল স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।…এই ভিডিওটা খুবই স্পেশালি বানানো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ। দ্যাটস হোয়াই আই অ্যাম স্মাইলিং।’

হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলে অভিযোগ করে সালমান বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে এটা, তোমাদের চাঁদাবাজি আমার স্বপ্ন কেড়ে নিতে পারবে না।’

ওই ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।