ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রীর কঠোর সিদ্ধান্ত

কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা

ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রীর কঠোর সিদ্ধান্ত

ফন্ট সাইজ:

কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের ড্রেসিংরুম, খেলোয়াড়দের ওয়াশরুম ও সংবাদকর্মীদের প্রেস বক্সের বেহাল দশা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম চত্বরে খেলাধুলার জন্য বরাদ্দ জায়গায় অটোরিকশার ব্যবসা চলা এবং অতিরিক্ত বিদ্যুৎ অপচয়ের বিষয়টি নিয়েও ক্ষোভ ঝাড়েন তিনি। অব্যবস্থাপনার দায়ে দায়িত্বে অবহেলার অভিযোগে স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে সাময়িক বরখাস্ত করেছেন প্রতিমন্ত্রী। তবে একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে স্টেডিয়ামে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাসও দিয়েছেন। গতকাল কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় ড্রেসিংরুম, খেলোয়াড়দের ওয়াশরুম, প্রেস বক্স ঘুরে দেখার পাশাপাশি সিঁড়ির নিচে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ তার নজরে আসে। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হতাশা প্রকাশ করে আমিনুল হক বলেন, ‘স্টেডিয়ামে এসে আমি হতাশ হয়েছি। একটা ক্রীড়া স্থাপনার পরিবেশ কখনো এমন হতে পারে না। ব্যবস্থাপনায় পর্যাপ্ত জনবল না থাকার কারণে এই অবস্থা হয়েছে।’ খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধার করুণ চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘খেলোয়াড়দের জন্য স্টেডিয়াম। ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছেতাই। ওয়াশরুমও তাই। প্রেস বক্সের অবস্থাও যাচ্ছেতাই। সিঁড়ির নিচে অনেক ময়লা পড়ে আছে, যেটা মানা যায় না। পাশাপাশি এই স্টেডিয়ামে দোকান ভাড়া দেয়া হয় বা বরাদ্দ দেয়া হয়, কিন্তু সেখানে ক্রীড়াবিষয়ক কিছু নেই। এখানে অটোরিকশার ব্যবসা চলছে।’

সব দোকান বরাদ্দ বাতিলের ঘোষণা
স্টেডিয়ামের গ্যালারির নিচে গড়ে ওঠা অটোরিকশার দোকানগুলো নিয়ে কঠোর অবস্থান নেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এসব জায়গা মূলত ক্রীড়াসংশ্লিষ্ট কাজে ব্যবহারের জন্য বরাদ্দ দেয়া হলেও বর্তমানে সেখানে চলছে অটোরিকশার রমরমা ব্যবসা, যার ফলে ঘটছে অতিরিক্ত বিদ্যুৎ অপচয়ও। এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘এই অটোরিকশার কারণে বিদ্যুতের অনেক ব্যয় হচ্ছে। সরকার যেখানে বিদ্যুতের ব্যাপারে খুবই সজাগ, কীভাবে সঠিক ব্যবহার করা যায়, সেটা ভাবছে, কিন্তু এখানে এসে দেখছি প্রচুর পরিমাণ বিদ্যুতের ব্যয় হচ্ছে। আমাদের ঘরবাড়িতে লোডশেডিংয়ে ভুগছি, অথচ তারা এখানে বিদ্যুতের অপচয় করছে। এসব রোধ করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি কমলাপুর স্টেডিয়াম এলাকায় যতগুলো দোকান আছে, সেগুলোর চুক্তি বাতিল করবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সেটি আমরা নিশ্চিত করতে চাই।’ তিনি বলেন, ‘আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে, সেগুলোর সকল চুক্তি আমরা বাতিল করে এখানে একটি স্পোর্টসের ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ, সেটিকে আমরা নিশ্চিত করতে চাই।’

প্রশাসক বরখাস্ত, পরিদর্শনে যাবে এনএসসি’র প্রতিনিধিদল
পরিদর্শনের সময়ই দায়িত্বে অবহেলার অভিযোগে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে সাময়িক বরখাস্ত করেন প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে দায়িত্বে অবহেলার জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যে পরিবেশ আমরা তৈরি করতে চাই, তার জন্য আমাদের জনবল লাগবে। বলছি না যে রাতারাতি সব ঠিক করে ফেলবো। তবে সব স্টেডিয়ামগুলোয় ক্রীড়াবান্ধব পরিবেশ আনতে চাই। এরইমধ্যে কমলাপুরের ড্রেসিংরুম, ওয়াশরুম, ক্যাম্প, প্রেস বক্স ও আবর্জনা সব পরিষ্কার করে নতুনভাবে কাজ করবো। খেলোয়াড়দের জন্য ফ্যান বা এসি দেয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে এটা করতে চাই।’ প্রতিমন্ত্রী জানান, আগামীকালই (আজ) জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটি প্রতিনিধিদল কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে যাবে।

এই দল কোথায় মেরামত, সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ প্রয়োজন তা চিহ্নিত করবে এবং দোকান ছেড়ে দেয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেবে। পাশাপাশি ড্রেসিংরুমে ফ্যান ও এসির ব্যবস্থাসহ খেলোয়াড়দের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি। বর্তমানে কমলাপুর স্টেডিয়ামে বিদ্যুৎ সংযোগ নেই। এ বিষয়ে আজ বা আগামীকালের মধ্যেই সমাধানের আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া, স্টেডিয়ামে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি। স্টেডিয়ামের অটোরিকশার দোকানগুলো উচ্ছেদ করে সেখানে ক্লাবসহ ক্রীড়াসংশ্লিষ্ট কাজে বরাদ্দ দেয়ার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। দায়িত্ব নেয়ার পর গত ১লা মার্চ কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে গিয়েও নানা সংস্কারের নির্দেশনা দিয়েছিলেন আমিনুল হক। কিন্তু গত কয়েক মাসে সেসব নির্দেশনার তেমন কোনো বাস্তবায়ন হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন