ঢাকাই চলচ্চিত্রের নায়ক পরিচয়ের বাইরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে সবার কাছে পরিচিত ইলিয়াস কাঞ্চন। তবে এক সময়কার দাপুটে এই অভিনেতা শারীরিকভাবে ভালো নেই। ১৫ মাস লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিয়ে গত সপ্তাহে দেশে ফিরেছেন। পরিবার, স্বজন ও সহকর্মীদের সঙ্গে এই দুঃসময় ভাগাভাগি করছেন। শুক্রবার রাজধানীর জাতীয় নাট্যশালায় ‘নিরাপদ সড়ক চাই’র ১১তম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুণী এ অভিনেতা।
এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, ৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর এক বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ এটি আর ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, দেশের মানুষের আন্দোলন। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন। দেশের সব পক্ষকে নিরাপদ সড়ক আন্দোলনে অংশ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মানুষের জীবন রক্ষার সহযোদ্ধা। দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, মহান আল্লাহ্ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং মানুষের পাশে, নিরাপদ সড়ক আন্দোলনের পাশে আবারো সক্রিয়ভাবে কাজ করার শক্তি দেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগামী ১২ই আগস্ট আবার লন্ডনে চিকিৎসা নিতে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
