বুবলীর ফেরার প্রস্তুতি

বুবলীর ফেরার প্রস্তুতি

ফন্ট সাইজ:

সম্প্রতি নিউ ইয়র্কে বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য এই আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হয়েছেন তিনি। এমন সম্মাননায় সামাজিক মাধ্যমে উচ্ছ্ব্বাসও প্রকাশ করেছেন তিনি। এদিকে, কন্যাসন্তানের মা হওয়ার পর বিরতিতে রয়েছেন এ নায়িকা। খুব একটা জনসম্মুখেও আসছেন না। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত তিনি। ফুটবল বিশ্বকাপে প্রিয়দল ব্রাজিলকে সাপোর্ট থেকে শুরু করে ফটোশুটের ভিডিও-ছবিসহ নানা কিছু প্রকাশ করেছেন তিনি। এদিকে জানা গেছে, বর্তমানে নিজের ফিটনেস ফেরাতেই ব্যস্ত তিনি। নতুন ছবি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন তিনি। কন্যা শারলিন খানের যত্নের পাশাপাশি নিয়মিত ডায়েট ও ব্যায়াম করছেন বুবলী। আগামী মাসেই তার ফেরার কথা রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ ছবির মধ্যদিয়ে।

জাহিদ হোসেন পরিচালিত এ ছবিতে তার নায়ক আদর আজাদ। এর আগেও এ নায়কের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবিতে অভিনয় করেছেন বুবলী। পুরান ঢাকার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যনির্ভর গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এ ছাড়া, সামনে বুবলী অভিনীত ‘শাপলা শালুক’ ছবিটিও মুক্তি পাবে। সেখানে তার নায়ক আব্দুন নূর সজল। এর বাইরে ‘কয়লা’ নামের একটি ছবির শুটিংও শেষ করেছেন তিনি। বুবলী জানান, ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি। লাইট, ক্যামেরা, অ্যাকশনটাকে মিস করছেন খুব। তিনি আরও বলেন, খুব সুন্দর সময় কাটছে কন্যা শারলিন ও পুত্র বীরের সঙ্গে। তবে ফেরার প্রস্তুতিও চলছে। আশা করছি, ভালোভাবেই ফেরাটা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন