বাংলাদেশ টেলিভিশনে আজ থেকে শুরু হচ্ছে নতুন দু’টি ধারাবাহিক নাটক ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’। পরিবার, সম্পর্ক, দ্বন্দ্ব, মানবিক মূল্যবোধ ও জীবন-সংগ্রামের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক দু’টি। ‘বিরোধ’ নাটকটি রচনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। প্রযোজনায় মামুন মাহমুদ। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন- ফারজানা ছবি, তন্ময় সোহেল, কায়েস আরজু, সমাপ্তি মাশুক, শিবা শানু প্রমুখ। ‘বিরোধ’ একটি একান্নবর্তী পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিশোধ, সম্পর্কের ভাঙন এবং মানবিক মূল্যবোধের গল্প।
অর্থ ও ক্ষমতার অহংকারে অন্ধ মির্জা কামাল নিজের পরিবারকেই ধ্বংসের মুখে ঠেলে দেন। অতীতের অন্যায়, ষড়যন্ত্র, ভুল সিদ্ধান্ত ও পারিবারিক অবহেলার প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মের ওপর। অন্যদিকে, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনায় ও মো. নাসির উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘তবুও জীবন’ নাটকে অভিনয় করেছেন- দীপা খন্দকার, সাব্বির আহমেদ, নুসরাত জান্নাত রুহি প্রমুখ। এতে তিনটি পরিবারের জীবন-সংগ্রাম, পারিবারিক দায়বদ্ধতা ও সম্পর্কের নানা বাস্তবতা উঠে এসেছে। সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও মঙ্গলবার রাত ৯টায় ‘বিরোধ’ এবং রাত সাড়ে ৯টায় ‘তবুও জীবন’ প্রচারিত হবে।
